গোপালগঞ্জে পৃথক দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থীসহ দুজনের মৃত্যু

গোপালগঞ্জে পৃথক স্থানে পানিতে ডুবে এবং গাছ থেকে পড়ে স্কুলশিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে কোটালীপাড়া উপজেলার বটবাড়ী গ্রামে এবং গতকাল সোমবার রাতে কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামে এই দুর্ঘটনা দুটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেচেন কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এবং কাশিয়ানী থানার ওসি কামাল হোসেন।

নিহতরা হলেন- কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের বটবাড়ী গ্রামের মৃত ক্ষিতিশ চন্দ্র সরকারের প্রতিবন্ধী ছেলে প্রদীপ সরকার (৪০) এবং কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের হিল্লাল শেখের মেয়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রুবিনা খানম (১১)।

ওসি হাফিজুর রহমান জানান, সকালে প্রতিবন্ধী প্রদীপ সরকার বাড়ির পাশের একটি পুকুরে মুখ ধুতে যান। এ সময় অসাবধানতাবশত তিনি পুকুরে পড়ে গিয়ে আর উঠতে পারেননি। দীর্ঘ সময় বাড়ি ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু হলে পুকুরপাড়ে তার ব্রাশ পড়ে থাকতে দেখা যায়। পরে জাল দিয়ে তল্লাশি চালিয়ে প্রদীপ সরকারকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে ওসি কামাল হোসেন জানান, সোমবার বিকেলে নিজ বাড়ির আমড়া গাছ থেকে আমড়া পাড়ার জন্য গাছে ওঠে রুবিনা খানম। এ সময় নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।