পুলিশ ক্যাম্পে গুলির পর মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার দূর্গম চরাঞ্চল গুয়াগাছিয়া ইউনিয়নের ডাকাত ও জলদস্যুরদের আস্তানায় যৌথ অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। এতে যোগ দিয়েছেন র্যাব, পুলিশ, নৌপুলিশ ও কোস্ট গার্ডের সদস্যরা।
আজ মঙ্গলবার বিকেলে মেঘনা নদীর তীরবর্তী ওই দূর্গম চর এলাকায় অভিযান শুরু করেন তাঁরা। এখন পর্যন্ত অভিযান অব্যাহত রয়েছে।
জানা গেছে, গতকাল সোমবার বিকেল ৫টার দিকে পাঁচ-ছয়টি দ্রুতগতির ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুরে সদ্য স্থাপিত অস্থায়ী পুলিশ ক্যাম্পসংলগ্ন মেঘনা নদীতে অস্ত্রের মহড়া শুরু করে ডাকাত দলের ৩০-৪০ জন সদস্য। এ সময় ক্যাম্পের পুলিশ সদস্যরা ডাকাত দলের উপস্থিতি বুঝতে পেরে নদীতে অভিযানে যাওয়ার প্রস্তুতি নেন। পুলিশের প্রস্তুতির বিষয়টি আন্দাজ করতে পেরে ডাকাত দলের সদস্যরা চাঁদপুরের বেলতলীর দিকে গিয়ে আড়াল হয়ে যায়।
এ বিষয়ে মুন্সিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির বলেন, দীর্ঘ দিন ধরেই ওই এলাকাটিতে নৌডাকাত ও জলদস্যুরা বেপরোয়া। এ কারণে সম্প্রতি গুয়াগাছিয়া এলাকায় একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। এতে ক্ষিপ্ত হতে গতকাল পুলিশ ক্যাম্প টার্গেট করে গুলি চালায় ডাকাতদল। তাদের নির্মূল করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ অব্যাহত রেখেছে।