কামরাঙ্গীরচরে ভবন থেকে পড়ে প্রাণ গেল রাজমিস্ত্রির

রাজধানীর কামরাঙ্গীরচরে নিজে বাসভবনের ছাদ থেকে পড়ে আলী হোসেন (৫০) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। সোমবার বিকেল আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলী হোসেন কামরাঙ্গীরচরের নূরেরবাগ পুরাতন ফাঁড়ি গলির বাসিন্দা আব্দুল বারেকের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রির কাজ করতেন।

নিহত আলী হোসেনের ছেলে সাকিব জানান, দুপুর আড়াইটার দিকে আলী হোসেন নিজ বাসার দ্বিতীয় তলার ছাদ থেকে অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে তিনটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।