মাইলস্টোন ট্র্যাজেডি: আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্য সচিব

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউট অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে গিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান। আজ বৃহস্পতিবার সকালে তিনি আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজখবর নেন এবং চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

এসময় স্বাস্থ্য সচিব চলমান চিকিৎসা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং প্রয়োজন অনুযায়ী যথাযথ চিকিৎসা অব্যাহত রাখার নির্দেশনা দেন।

জানা গেছে, গত ২১ জুলাইয়ের এই বিমান দুর্ঘটনায় দগ্ধ ১৬ শিক্ষার্থী এখনও চিকিৎসাধীন। তাদের মধ্যে ১০ জন ছাত্রী ও ৬ জন ছাত্র। চিকিৎসাধীনদের মধ্যে দুজনের অবস্থা এখনও ঝুঁকিপূর্ণ।

বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দীন বলেন, অনেক আহত শিক্ষার্থীকে একাধিকবার অপারেশন করতে হয়েছে এবং একাধিকবার আইসিইউতেও নিতে হয়েছে।

মাইলস্টোনের এই দুর্ঘটনায় বার্ন ইনস্টিটিউটে মোট ৫৭ জনকে আনা হয়েছিল। তাদের মধ্যে ২০ জন মারা গেছেন। একজনকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে, ২০ জন চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন এবং বর্তমানে ১৬ জন চিকিৎসাধীন।