মুন্সিগঞ্জের মোল্লাকান্দিতে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে কয়েকজন গুলিবিদ্ধসহ অন্তত ৬ জন আহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় ওয়াহিদ মোল্লা ও উজির আলী গ্রুপের মধ্যে শুক্রবার রাত ৮টায় মুন্সীকান্দি এলাকায় পূর্ববিরোধ ও আধিপত্য নিয়ে এই সংঘর্ষ হয়।
এ সময় ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ করা হয়। গুলিবিদ্ধসহ আহত ৬ জনকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চারজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদুর রহমান বলেন, আহতদের মাথাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁদের শরীরে ছররা গুলিজাতীয় কিছুর চিহ্ন রয়েছে।
এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, দুগ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কেউ গুলিবিদ্ধ হয়েছে কিনা তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। এখন পর্যন্ত কোনোপক্ষ অভিযোগ দেননি।