জাকসু নির্বাচন: ফজিলাতুন্নেসা হলে ভোটগ্রহণ সাময়িক বন্ধ

কারচুপির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ফজিলাতুন্নেসা হলে ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করা হয়। 

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন বিষয়টি খতিয়ে দেখছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। কেন্দ্রের পরিস্থিতি স্থিতিশীল হলে ভোট পুনরায় চালু করা হবে। 

এর আগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় ২১টি হলে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

এবারের নির্বাচনে মোট ১১ হাজার ৮৯৭ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১১৫ জন এবং ছাত্রী ৫ হাজার ৭২৮ জন। ভোটগ্রহণের জন্য ২১টি কেন্দ্রে ২২৪টি বুথ স্থাপন করা হয়েছে।