জাকসু নির্বাচন

‘হেরে যাওয়ার ভয়ে অনেকে ভোট বয়কট করেছে’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র ভিপি প্রার্থী আব্দুর রশিদ জিতু। বৃহস্পতিবার ভোট গ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হয়েছে এবং হেরে যাওয়ার ভয়ে কয়েকটি প্যানেল শেষ সময়ে এসে নির্বাচনকে বয়কট করেছে। এবারের জাকসু নির্বাচন নতুন এক ইতিহাস রচনা করবে। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।’

৩৩ বছর পর অনুষ্ঠিত হচ্ছে জাকসুর এই নির্বাচন। এতে আংশিক ও পূর্ণাঙ্গ মিলে মোট সাতটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে পূর্ণাঙ্গ প্যানেলগুলো হলো—ছাত্রদল-সমর্থিত প্যানেল, ছাত্রশিবির-সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট, প্রগতিশীল শিক্ষার্থীদের সম্প্রীতির ঐক্য এবং গণতান্ত্রিক ছাত্র সংসদ–সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরাম।

আংশিক প্যানেল দিয়েছে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন, স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ এবং ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্টের সংশপ্তক পর্ষদ। এছাড়া অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন।

সহসভাপতি (ভিপি) পদে লড়ছেন ৯ জন প্রার্থী। সাধারণ সম্পাদক (জিএস) পদে ৮ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে লড়ছেন ১০ জন। কেন্দ্রীয় সংসদের মোট ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী।

নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জন করেছে ছাত্রদল ও কয়েকটি বাম সংগঠন। জাতীয়তাবাদী শিক্ষকরাও নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

অবশ্য, ছাত্রশিবির-সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট বলছে, ভোট চলবে।