গোপালগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার রাতে উপজেলার উনশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মৃত সুধীর ঘোষের ছেলে ব্যবসায়ী আনন্দ ঘোষ ও তাঁর তিন ভাই গৌরাঙ্গ ঘোষ, কালা ঘোষ ও যুগল ঘোষের মধ্যে আগে থেকে  বিরোধ ছিল। বাড়ির ছাদ থেকে পানি পড়াকে কেন্দ্র করে এই বিরোধ তীব্র আকার ধারণ করে।

রোববার বৃষ্টির সময় রাতে আনন্দ ঘোষের সাথে তাঁর ভাইদের বাকবিতণ্ডা হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে গৌরাঙ্গ, কালা, যুগল এবং তাঁদের ভাতিজা নয়ন ঘোষ ও সৌরভ ঘোষ লাঠি দিয়ে আনন্দ ঘোষকে আঘাত করে জখম করে। এ সময় তাদের ঠেকাতে গিয়ে আনন্দ ঘোষের স্ত্রী মিতা ঘোষ আহত হন।

পরে আহত অবস্থায় আনন্দ ঘোষকে পরিবারের সদস্যরা কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আনন্দ ঘোষের স্ত্রী মিতা ঘোষ বলেন, ‘বৃষ্টির পানি ছাদ থেকে পড়ায় আমার দেবর ও ভাসুরেরা এসে আমার স্বামীকে পিটিয়ে হত্যা করেছে।’

প্রতিবেশী বাচ্চু হাওলাদার জানান, ছাদের পানি পড়া নিয়ে বেশ কয়েকবার এলাকায় সালিশ বৈঠক হয়েছে। তবে কোনো সিদ্ধান্ত হয়নি। এ ঘটনার পর গৌরাঙ্গ, কালা এবং যুগল ঘোষদের বাড়িতে গিয়ে তাঁদের পাওয়া যায়নি।
 
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। আনন্দ ঘোষের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।