মানিকগঞ্জে শ্বাসরোধে গৃহবধূকে হত্যার অভিযোগ

মানিকগঞ্জের ঘিওরে শ্বাসরোধে রাশিদা বেগম (৫৫) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাতে উপজেলার পয়লা ইউনিয়নের পশ্চিম বাইলজুড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোসাম্মৎ ইয়াছমিন খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রায় ৩০ বছর আগে স্বামী নকুমুদ্দিনের সঙ্গে রাশিদার বিবাহবিচ্ছেদ হয়। পরে জীবিকার তাগিদে তিনি জর্ডান যান এবং দীর্ঘ প্রবাস জীবন শেষে প্রায় এক দশক আগে দেশে ফিরে পশ্চিম বাইলজুড়ী গ্রামে বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন। গতকাল গভীর রাতে একদল ডাকাত গ্রামে প্রবেশ করে স্থানীয় আমির মাস্টারের পাশের বাড়িতে হানা দেয়। এ সময় তাঁরা ঘরে থাকা রাশিদা বেগমকে হত্যা করে স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

নিহত রাশিদার একমাত্র মেয়ে তাসলিমা বর্তমানে জর্ডানে অবস্থান করছেন। বাড়িতে তিনি একাই থাকতেন। তবে ঘটনার রাতে তাঁর ভাইয়ের মেয়ে ও নাতি বেড়াতে এসে পাশের ঘরে ছিলেন। হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ সুপার আরও বলেন, হত্যার বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা পক্রিয়াধীন।