নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার তাহেরপুর ঈদগাঁ ময়দান সংলগ্ন এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় পাঁচজন আহত হয়েছে। বুধবার বিকেলে এ হামলা হয়।
আহতরা হলো— মো. বজলু (৩৫), আয়নাল হক (৪৫), মোহাম্মদ দেলোয়ার (৩০), মোহাম্মদ আল-আমিন (৩৫) ও মোহাম্মদ রতন (৩৮)। তারা সবাই সোনারগাঁও এলাকার বাসিন্দা এবং ব্যবসায়ী।
আহত আয়নাল হকের স্ত্রী তাসলিমা বেগম জানান, আজ বিকেলের দিকে তার স্বামীসহ কয়েকজন বাসায় ফিরছিলেন। এ সময় প্রতিপক্ষের লোকজন ওঁৎ পেতে থেকে ধারালো অস্ত্র দিয়ে তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের মাধ্যমে গুরুতর জখম করে। প্রথমে তাদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘আজ সন্ধ্যার দিকে গুরুতর জখম অবস্থায় পাঁচজনকে ঢামেক হাসপাতালে আনা হয়। তাদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। বিষয়টি সোনারগাঁও থানা পুলিশকে জানানো হয়েছে।’