গাজীপুরে ছুরিকাঘাতে পোল্ট্রি ফিডের কর্মচারী নিহত 

গাজীপুরের কালিয়াকৈরে পোল্ট্রি ফিডের দোকানে দুই কর্মচারীর দ্বন্দ্বে ছুরিকাঘাতে আকবর হোসেন নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত কর্মচারী লিমনকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে। 

আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আকবর হোসেন যশোরের কেশবপুর উপজেলার ভান্ডার খোলা গ্রামের মোবারক হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় মিজানুর রহমান মিন্টুর মালিকানাধীন পোল্ট্রি ফিডের দোকানে কাজ করতেন আকবর ও লিমন। আজ সকাল ১১টার দিকে তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে বাগবিতন্ডা হয়। একপর্যায়ে অভিযুক্ত লিমন পেয়ারা কাটার ছুরি দিয়ে আকবরকে ছুরিকাঘাত করেন। এ সময় স্থানীয়রা লিমনকে আটক করে পুলিশে সোপর্দ করে। ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় আকবরকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে  কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন । 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, পোল্ট্রি ফিডের দোকানে কর্মচারী লিমনের ছুরিকাঘাতে আকবর নিহত হয়েছেন। পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।