নরসিংদীর পলাশে নিখোঁজের একদিন পর গণি মিয়া (৩০) নামে এক যুবকের গলা ও হাত খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার ঘোড়াশাল টানস্টেশন রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত গণি মিয়া ঘোড়াশাল পৌরসভার আঁটিয়াগাও মহল্লার মৃত নুরুল ইসলামের ছেলে। তিনি তিন মাস আগে প্রবাস থেকে ছুটিতে দেশে এসেছিলেন।
নিহতের স্বজনরা জানান, গতকাল শুক্রবার রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় গণি মিয়া। পরে তার কোনো খোঁজ খবর না পেয়ে পরিবারের পক্ষ থেকে পুলিশে অবহিত করা হয়। এদিকে আজ সকালে ঘোড়াশাল টানস্টেশনের পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পরিবারের লোকজন গিয়ে গণি মিয়ার গলা ও হাত খণ্ডিত মরদেহ শনাক্ত করেন। নিহতের পরিবারের অভিযোগ তাকে কেউ হত্যা করে মরদেহ রেললাইনের পাশে ফেলে রেখেছে।
খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়।
ভৈরব রেলওয়ের থানার পরিদর্শক নাজিমুদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর হত্যা নাকি আত্মহত্যা তা জানা যাবে।