রাজধানীর কদমতলীর শ্যামপুর এলাকায় ফুটপাতে চায়ের দোকানে চা খেতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. নাইম (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত ৯টার দিকে শ্যামপুর ১০ নম্বর রোডে ফুটপাতে চায়ের দোকানের পাশে এই দুর্ঘটনা ঘটে।
পরে অচেতন অবস্থায় তাকে রাত ১০টার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
মৃত নাইম নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পাগলা ভাবি বাজার এলাকার মো. মিলু বিশ্বাসের ছেলে। তিনি আইপি এলিট টেক্সটাইলের থ্রি পিসের ছাপার শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের বন্ধু শামীম জানান, কাজ শেষে রাতের দিকে এলিট টেক্সটাইল মিলের পাশে ফুটপাতের একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন নাঈম। এ সময় অসাবধানতাবশত একটি বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে অচেতন হয়ে মাটিতে পড়ে যান। পরে দ্রুত তাঁকে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।