মুন্সিগঞ্জের সাংবাদিককে ধারালো অস্ত্রের আঘাত প্রতিপক্ষের

মুন্সিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে ইনডিপেনডেন্ট টেলিভিশনের চিত্র সাংবাদিক রাহিদ হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত ও পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ। এ সময় ভুক্তভোগীর স্বজনদের ৩টি বসতঘরে ভাঙচুর চালানো হয়।

মঙ্গলবার বেলা ৩টার দিকে মুন্সিগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রমজান বেগ পূর্ব পাড়া এলাকায় এ হামলা–ভাঙচুর করা হয়। এতে বাধা দিতে গেলে পিটিয়ে আহত করা হয় আরও বেশ কয়েকজনকে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয় আহত দুজনকে।

এ ঘটনায় মো. স্বাধীন, ইমন, রাজু, হালিম, ফয়েজ কাজী, সেলিম ও সূচনা আক্তারসহ ৮ জন অভিযুক্তদের নাম উল্লেখ করে মুন্সিগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক। 

পুলিশ ও ভুক্তভোগীরা জানায়, দীর্ঘদিনের পারিবারিক বিরোধ মীমাংসার জন্য দুপুরে অভিযুক্তদের সঙ্গে কথা বলতে গেলে কথা কাটাকাটি হয় দুপক্ষের মধ্যে। এক পর্যায়ে হয় হামলা–ভাঙচুর।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. অনুপ কুমার সাহা বলেন, ‘আহত সাংবাদিক রাহিদ হোসেনের শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম অবস্থায় নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ 

এ সময় ঘটনাস্থলে উত্তেজিতদের থামাতে গেলে, ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষের লোকজন অতর্কিতভাবে সাংবাদিক রাহিদ হোসেনের ওপর হামলা চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে, তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. সাইফুল আলম।