জুরাইনে পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে মিস্ত্রি নিহত

রাজধানীর শ‍্যামপুর থানার জুরাইন বাগিচা বাজার এলাকায় পাওনা ৬ হাজার টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে মো. সজীব (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি পেশায় একজন গাড়ির ইঞ্জিন মিস্ত্রি ছিলেন।

আজ সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় সজীবকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সজীব মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ইয়াদ আলীর ছেলে। পোস্তগোলা আরসিন গেট এলাকায় ভাড়া থাকতেন তিনি।

সজীবকে হাসপাতালে নিয়ে আসা ভাগিনা জাকির হোসেন বলেন, ‘আমার মামা শ্যামপুর ওয়াসার গ্যারেজে গাড়ির ইঞ্জিনের মিস্ত্রি হিসেবে কাজ করত। শাহিন নতুন বিয়ে করেছে তাই ঘর সাজানোর জন্য আমার মামা সজীবের কাছ থেকে কাছ থেকে ৬ হাজার টাকা ধার নেয়। সেই পাওনা টাকা চাইতে গিয়ে আমার মামাকে শাহিন কাজলের দোকানে বসতে বলে। কাজলের দোকানে বসিয়ে রেখে কিছুক্ষণ পরে এসে শাহিনের কোমরে ছুরি ঢুকিয়ে দেয় এবং সে রক্তাক্ত অবস্থায় ওই দোকানেই পড়ে থাকে। পরে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান আমার মামা আর বেঁচে নেই। আমার মামাকে কাজল এবং শাহিন পরিকল্পনা করে ছুরিকাঘাত করে হত্যা করেছে।’

এ বিষয়ে জানতে চাইলে শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এখন পর্যন্ত এই বিষয়টি আমাদের নলেজে নেই। আমরা খবর নিচ্ছি। আমার থানা এলাকায় জুরাইন বাগিচা বাজার আছে। আপনার মাধ্যমেই বিষয়টি জানতে পারলাম।