কুমিল্লার দাউদকান্দিতে দুর্বৃত্তদের হামলায় আমির হোসেন (৪৮) নামের এক মৎস্য খামারি গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে উপজেলার আমিরাবাদ দাউদকান্দি বাসস্ট্যান্ডের পাশে গৌরীপুর মৎস্য প্রকল্পে এ হামলার ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ আমির হোসেন দাউদকান্দির মাইথর কান্দি গ্রামের আব্দুল আউয়ালের ছেলে। গুরুতর অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য আজ মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়।
আহতের ভাই বাদশা মিয়া বলেন, ‘গতকাল রাত ৩টার দিকে আমার ভাইয়ের মালিকানাধীন গৌরীপুর মৎস্য প্রকল্পে ১০-১২ জন সশস্ত্র দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় তারা গুলি ছোড়ে, এতে আমার ভাইয়ের বাম পায়ে গুলি লাগে। আমরা খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে ভর্তি দেন দায়িত্ব রত চিকিৎসক।’
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে জানান, সকালে গুলিবিদ্ধ অবস্থায় আমির হোসেনকে জরুরি বিভাগে আনা হয়। বর্তমানে তার চিকিৎসা চলছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
পুলিশ বলছে, হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।