তিন গোয়েন্দার স্রষ্টা রকিব হাসান আর নেই

জনপ্রিয় গোয়েন্দা কাহিনি ‘তিন গোয়েন্দা’র স্রষ্টা রকিব হাসান আর নেই। বুধবার রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। এছাড়া সেবা প্রকাশনীর উপদেষ্টা মাসুমা মায়মুর এক ফেইসবুক পোস্টে রকিব হাসানের মৃত্যুর খবর জানান।

মৃত্যুকালে লেখক রকিব হাসানের বয়স হয়েছিল ৭৫ বছর।

গণস্বাস্থ্য কেন্দ্রের সূত্র জানায়, আজ দুপুরের পর ডায়ালাইসিস করাতে এসেছিলেন রকিব হাসান। তবে ডায়ালাইসিস শুরুর আগেই তিনি অজ্ঞান হয়ে পড়েন। তিনি ওয়েটিংয়ে ছিলেন। অজ্ঞান হয়ে পড়লে তাকে হাসপাতালেই চিকিৎসা দেওয়ার চেষ্টা হয়, কিন্তু বাঁচানো যায়নি।

প্রসঙ্গত, রবার্ট আর্থারের ‘থ্রি ইনভেস্টিগেটরস’ সিরিজ থেকে বাংলায় তিন গোয়েন্দার সূচনা। তবে রকিব হাসানের লেখনিতে তা ভিন্ন মাত্রা পায়। সেবা প্রকাশনী ১৯৮৫ সালে তিন গোয়েন্দা সিরিজ বই আকারে ছাপা শুরু করে।

রকিব হাসান গোয়েন্দা কাহিনির বাইরেও বহু ক্লাসিক ও কিশোর সিরিজ লিখেছেন। সব মিলিয়ে তার লেখা বইয়ের সংখ্যা পাঁচ শতাধিক।
সেবা প্রকাশনীর উপদেষ্টা মাসুমা মায়মুর এক ফেইসবুক পোস্টে রকিব হাসানের মৃত্যুর খবর জানিয়ে লিখেছেন, ‘তিন গোয়েন্দা ও সেবা প্রকাশনীর পাঠকদেরকে আন্তরিক দুঃখের সাথে জানাচ্ছি যে, কিছুক্ষণ আগে রকিব হাসান সাহেব পরলোক গমন করেছেন।’ 

রকিব হাসানের জন্ম ১৯৫০ সালের ১২ ডিসেম্বর কুমিল্লায়। বাবার চাকরির কারণে ছোটবেলা কেটেছে ফেনীতে। তিনি আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে বিএসসি পাস করেন।

রকিব হাসান লেখালেখিকেই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। ১৯৭৭ সালে তাঁর প্রথম বই প্রকাশিত হয় ছদ্মনামে। অনুবাদগ্ৰস্থ ‘ব্রাম স্টোকারের ড্রাকুলা’ তাঁর নিজের নামে প্রকাশিত প্রথম বই।

লেখক রকিব হাসান মৌলিক রচনার পাশাপাশি এরিক ফন দানিকেন, ফার্লে মোয়াট, জেরাল্ড ডুরেল-এর মতো বিখ্যাত লেখকদের অনেক চিরায়ত লেখা বাংলায় অনুবাদ করেছেন। তিনি অ্যারাবিয়ান নাইটস ও টারজান সিরিজের বাংলা অনুবাদও করেছেন। এছাড়া অনুবাদ করেছেন জুল ভার্নের বইগুলো।

রকিব হাসান সেবা প্রকাশনী থেকে প্রকাশিত ‘রহস্যপত্রিকা’র সহকারী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।