ঢাকার ধামরাইয়ে খোলা সেপটিক টাংকিতে পড়ে রাহিম ও ইয়াছিন নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে ধামরাই পৌরশহরের ছোট চন্দ্রাইল মহল্লায় ঘরের পাশের সেপটিক টাংকি থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্য ও স্থানীয়রা।
নিহতদের একজনের বয়স ৫ বছর অপরজনের সাড়ে ৩ বছর।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে ইয়াছিন এবং আব্দুর রহিম খেলতে বের হয়। সন্ধ্যার পর তারা বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে রাত সাড়ে ১০টার দিকে পাশের একটি ভবনের সেপটিক টাংকি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম। তিনি জানান, নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।