ছাত্রদল নেতা জুবায়েদ রহমানের হত্যাকারীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত ক্লাসে না ফেরার ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক সমিতি। সোমবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জুবায়ের জানাজায় এ কথা বলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রইস উদ্দিন।
অধ্যাপক রইস উদ্দিন বলেন, ‘আসামি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা ক্লাসে ফিরব না। প্রয়োজনে ঢাকা ব্লকেড করা হবে।’
এ সময় বংশাল থানার ওসির অপসারণেরও দাবি জানান তিনি।
এর আগে দুপুরে জুবায়েদ রহমানের মরদেহ মিটফোর্ড হাসপাতাল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেওয়া হয়। সেখানে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ কুমিল্লার হোমনায় নেওয়া হবে।
রোববার সন্ধ্যায় পুরান ঢাকার আরমানিটোলার একটি ভবনের সিঁড়িতে রক্তাক্ত অবস্থায় জুবায়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। ছাত্রদলের অভিযোগ, তাকে হত্যা করা হয়েছে। রাতে মরদেহ রাখা হয়েছিল মিটফোর্ড হাসপাতালের হিমঘরে।
জুবায়েদ হত্যাকাণ্ডের ঘটনায় আগামী দুইদিন বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ২২ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবসের আনুষ্ঠানিকতা সীমিত করা হবে এবং শুধু শোকর্যালি আয়োজন করা হবে।
রোববার সন্ধ্যায় টিউশনি করাতে গিয়ে জুবায়েদ নিখোঁজ হন। যে ভবন থেকে তার মরদেহ উদ্ধার হয়েছে, সেখানেই তিনি এক ছাত্রীকে পড়াতেন।
জুবায়েদ ছিলেন কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি এবং ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির সদস্য।