বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে সহপাঠী শ্রীশান্ত রায়কে আটক করেছে চকবাজার থানা পুলিশ। এরইমধ্যে অভিযুক্তকে বহিষ্কারও করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এর আগে মঙ্গলবার রাতে ধর্ষণের বিচার দাবিতে উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। পরে রাতেই অভিযুক্ত শিক্ষার্থীকে বহিষ্কার ও মামলা করার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক এ কে এম মাসুদ জানান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২১তম ব্যাচের শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
চকবাজার থানার ডিউটি অফিসার এসআই নাজমুল ইসলাম জানান, শ্রীশান্ত রায় থানা হেফাজতে রয়েছেন। বুয়েট প্রশাসন তার বিরুদ্ধে মামলা করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অভিযুক্ত ওই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল ও ধর্ষণ মামলায় গ্রেপ্তার করার দাবিতে বুয়েট কেন্দ্রীয় খেলার মাঠ সংলগ্ন ডিএসডব্লিউ ভবনের (ছাত্রকল্যাণ পরিদপ্তর) সামনে জড়ো হন।
শিক্ষার্থীরা ‘ধর্ষকের ঠিকানা, এই বুয়েটে হবে না’, ‘ধর্ষকদের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘বিচার বিচার বিচার চাই, ধর্ষকের বিচার চাই’সহ নানা স্লোগান দেন। পরে অভিযুক্তকে আটক ও তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।