কিশোরগঞ্জের ভৈরব উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে আড়াই ঘণ্টা রেলপথ অবরোধের পর ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি ছাড়তে চাইলে অবরোধকারীরা ট্রেনে পাথর ছোড়ার ঘটনায় থানায় মামলা হয়েছে।
আজ মঙ্গলবার ভৈবর রেলওয়ে স্টেশন মাস্টার ইউসুফ বাদী হয়ে ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে ভৈরব রেলওয়ে থানায় মামলাটি করেন।
মামলায় দেড় লাখ টাকার সরকারি সম্পদের ক্ষতিসাধন হয়েছে বলে উল্লেখ করা হয়। ঘটনায় ফাহিম, আরমান ও সাধন নামে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহম্মেদ এসব বিষয় নিশ্চিত করেন।
এর আগে, গতকাল সোমবার ভৈরব উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে আড়াই ঘণ্টা রেলপথ অবরোধ করে রাখে স্থানীয় জনতা। সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভৈরব রেল স্টেশনে চলে এই অবরোধ। এতে করে বিঘ্নিত হয় ঢাকা–চট্টগ্রাম, সিলেট–কিশোরগঞ্জ রেলপথে ট্রেন চলাচল।
এ সময় নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি ভৈরব স্টেশনে দুই ঘণ্টা অবরোধের মুখে পড়ে। দুই ঘণ্টা পর ট্রেনটি ছাড়তে চাইলে অবরোধকারীরা বৃষ্টির মত পাথর নিক্ষেপ করতে থাকে। এতে ট্রেনের ক্ষয়ক্ষতিসহ আহত হয়েছেন ট্রেনের ভেতরে থাকা বেশ কয়েকজন যাত্রী।