মানিকগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জানে না পুলিশ 

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছে। এদিকে এই ঘটনার ৯ ঘণ্টা পার হলেও মিছিলের সম্পর্কে কোনো তথ্য নেই বলে জানিয়েছে পুলিশ। 

আজ শুক্রবার সকালে জেলার শিবালয় উপজেলায় এ মিছিল হয়েছে বলে জানা গেছে। পরবর্তীতে মিছিলের এক মিনিট ২৫ সেকেন্ডের একটি ভিডিও ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রচার করা হয়। 

জানা গেছে, শিবালয় উপজেলার মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকায় সকাল সাড়ে ৭টায় ঢাকা–আরিচা মহাসড়কে এই ঝটিকা মিছিল করা হয়েছে। উপজেলার নিষিদ্ধ ছাত্রলীগের আহ্বায়ক নাজমুল ইসলাম জনি ও যুগ্ম আহবায়ক সাইমুন হাসান স্বাধীন এই মিছিলের নেতৃত্ব দেন। এ সময় মিছিলটিতে মোট ১৩ জন অংশ নেন। 

এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন সাংবাদিকদের বলেন, ‘এ বিষয়ে কিছু জানি না, আপনার মাধ্যমেই শুনলাম।’

ওসি আরও বলেন, ‘নিষিদ্ধ সংগঠন মিছিল করে থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’