যৌথ বাহিনীর অভিযানে বিএনপি নেতাসহ আটক ৭

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিএনপির এক নেতাসহ সাতজনকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা।

আজ বৃহস্পতিবার ভোরের দিকে এ অভিযান শেষ হয়, শুরু হয় গভীর রাতে। পরে সকালের দিকে তাদেরকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন–এনামুল হক মোল্লা (৪৮)। তিনি সৌদি আরবের মক্কা মেসফালাহ বিএনপির সভাপতি এবং সাম্প্রতিক সময়ে শ্রীপুর উপজেলায় বিএনপির সম্ভাব্য এমপি প্রার্থী হয়ে ব্যাপক প্রচার চালিয়েছেন। তাঁর সঙ্গে আটক হওয়া অন্যরা হলেন–শওকত মীর, জাহিদ, মোস্তফা, সিদ্দিক, বুলবুল, তোফাজ্জল।

স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর আর্মি ক্যাম্পের তত্ত্বাবধায়ক মেজর খন্দকার মহিউদ্দিন আলমগীরের নেতৃত্বে পরিচালিত অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে স্থানীয় বিএনপি নেতাসহ আরও ছয়জন রয়েছেন। তবে সেনাবাহিনীর সদস্যরা আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেননি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুল বারিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযান চলাকালে তাঁদের অবস্থানস্থল থেকে পিস্তলসহ অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে দুটি পিস্তল, তিনটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, চারটি ওয়াকিটকি, চারটি বেটন, দুটি ইলেকট্রিক শর্টমেশিন, একটি হ্যামার নেল গান, একটি চাকু ও একটি মোটরসাইকেল। পরবর্তীতে আটক ব্যক্তিদের এবং উদ্ধার অস্ত্র শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।