জুলাই গণঅভ্যুত্থানের সময় পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলাসহ পাঁচ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এ রায় দেন।
আইভীর জামিনের বিষয়ে রুল যথাযথ ঘোষণা করে আদালত এ রায় দেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
আদালতে আইভীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন, আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি।
সেলিনা হায়াৎ আইভীর আইনজীবী মোতাহার হোসেন সাজু জানান, কারাগার থেকে মুক্তি পেতে তার কোনো আইনগত বাধা নেই।
এর আগে গত মে মাসে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।
গত বছরের ২০ জুলাই সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আদমজী এলাকায় গুলিবিদ্ধ হন পোশাক শ্রমিক মিনারুল ইসলাম।