পৃথিবীর সব যুদ্ধের বিভিষীকাই তুলে ধরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর হাতে নিহত আনা ফ্রাংকের ডায়েরি। সকালে রাজধানীতে মুক্তিযুদ্ধ জাদুঘরের স্টেট অব দ্য আর্থ টেম্পোরারি গ্যালারির উদ্বোধন করে এ কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের নৃশংসতার সঙ্গে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের অনেক মিল রয়েছে। গ্যালারিতে শুরু হয়েছে 'আনা ফ্রাংক-এ হিস্টোরি ফর টুডে' শিরোনামের প্রদর্শনী।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর নৃশংস নির্যাতনে নিহত হয় ১৫ বছরের কিশোরী আনা ফ্রাংক। ১৯৪২ থেকে ১৯৪৫ সালে লেখা আনা ফ্রাংকের ডায়েরিতে উঠে আসে যুদ্ধের সব মর্মন্তুদ অভিজ্ঞতা।
প্রদর্শনীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ধর্মীয়, জাতিগত নিধন তথা হিটলারের পৈশাচিকতা সম্পর্কে জানতে পারে রাজধানীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।
এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতার পুনরাবৃত্তি দেখেছে বিশ্ববাসী।
যুদ্ধবাজ ও মানবাধিকার লঙ্ঘনকারিদের বিরুদ্ধে বিশ্বজনমত গঠন ও আগামি প্রজন্মের জন্য শান্তিময় পৃথিবী গড়ার কথা বলেন আলোচকরা।
মুক্তিযুদ্ধ জাদুঘর ও আনা ফ্রাংক হাউজের শিক্ষমূলক কার্যক্রমের অংশীদার কাউন্টার ফটোর আয়োজনে প্রদর্শনী চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত।
/আর-এম/