গোপালগঞ্জে থানা ও উপজেলা পরিষদে ককটেল হামলা, আহত ৩

গোপালগঞ্জের কোটালীপাড়া থানা ও উপজেলা পরিষদ লক্ষ্য করে তিনটি ককটেল ছুড়েছে দুর্বৃত্তরা। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছে।

সোমবার রাত ১০টার দিকে কোটালীপাড়া থানায় একটি ও উপজেলা পরিষদ লক্ষ্য করে দুটি ককটেল হামলা হয়।

হামলায় কোটালীপাড়া থানার নারী কনস্টেবল (কনস্টেবল নাম্বার ৮৪৫) আইরিন নাহার (৩১), কনস্টেবল (কনস্টেবল নাম্বার ৭৯১) আরিফ হোসেন (৩৩) ও কনস্টেবল (কনস্টেবল নাম্বার ৭৬৬) নজরুল ইসলাম (৫২) আহত হয়েছে।

আহতরা কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাস বলেন, ‘আহতরা আমাকে জানিয়েছে থানায় ডিউটিরত অবস্থায়  ককটেল বিস্ফোরণে তারা আহত হয়। তাদের শরীরে স্পিন্টারের আঘাত ছিল। তবে সেগুলো মারাত্মক নয়। তাই তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’

এ ব্যাপারে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, ‘রাত ১০টার দিকে থানায় ও উপজেলা পরিষদ লক্ষ্য করে ককটেল ছুড়ে মারে দৃর্বৃত্তরা।’

বিস্ফোরণে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি উল্লেখ করে কোটালীপাড়া থানার সেকেন্ড অফিসার এসআই মামুন বলেন, ‘কোটালীপাড়া থানায় একটি ও উপজেলা পরিষদে দুটি ককটেল নিক্ষেপ করা হয়েছে। এগুলো উদ্ধার ও তদন্ত কাজ শুরু হয়েছে।’