ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রল বোমা নিক্ষেপ

ঢাকার ধামরাই উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রল বোমা নিক্ষেপ করার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

আজ বুধবার ভোররাতে গ্রামীণ ব্যাংকের ধামরাইয়ের সুয়াপুর শাখায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোর রাতের দিকে মটরসাইকেলে করে দুই ব্যক্তি ব্যাংককে লক্ষ করে পেট্রল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এসময় পেট্রোল বোমায় ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি না হলেও বোমাটি পাশের একটি টিনশেড মার্কেটের উপরে পড়লে আগুন ধরে যায়। পরে স্থানীয়রা মুহুর্তের মধ্যে আগুন নিভিয়ে ফেলে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রল বোমা নিক্ষেপের পরপর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।