ভূমিকম্পের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগামীকাল রোববারের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ দপ্তরের উপপরিচালক ফররুখ মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক ভূমিকম্পের ফলে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সম্ভাব্য মানসিক ট্রমা বিবেচনায় আগামীকাল বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।
পরিস্থিতি মূল্যায়ন শেষে পরবর্তী করণীয় ও সিদ্ধান্তসমূহ শীঘ্রই জানিয়ে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সকল শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীর নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।
গতকাল শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানীসহ আশপাশের এলাকা। এটি সারা দেশেই অনুভূত হয়। এরপর শনিবারও আবার ভূমিকম্প হয়। শনিবার সকালে একবার ও সন্ধ্যায় পরপর দুবার ভূকম্পন অনুভূত হয়।