নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত ভবনে তাকবির আহমেদ হত্যাকাণ্ডে জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
আজ শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে পিবিআইয়ের পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সুপার জানান, নিহত তাকবির আহমেদ চাকরির উদ্দেশ্যে বিদেশযাত্রার প্রস্তুতি নিচ্ছিলেন। গত ২৫ নভেম্বর সন্ধ্যায় তিনি বাসা থেকে বের হন। রাতে আর বাড়ি ফেরেননি। পরিবার তাঁর মোবাইলে কল করলে তিনি রিসিভ করেননি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর পরদিন ২৬ নভেম্বর দুপুরে পানি উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত ভবনের নিচতলায় মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়।
পরে নিহত তাকবিরের বাবা নূর মোহাম্মদ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। পরে মামলাটি পিবিআই তদন্তের তথ্য-প্রযুক্তির মাধ্যমে হত্যার সঙ্গে জড়িত হারুনকে সোনারগাঁয়ের লাঙ্গলবন্দ ও রফিকুলকে সিদ্ধিরগঞ্জের ওয়াপদা কলোনি মোড় থেকে গ্রেপ্তার করা হয়। পরে রফিকুলের দেওয়া তথ্য অনুযায়ী, তাঁর বসতঘরের সিলিং থেকে নিহত তাকবিরের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়।