ইজতেমায় আরও দুই মুসল্লির মৃত্যু 

গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের অধীনে চলমান পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমার তৃতীয় দিনে আরও দুই মুসল্লির মারা গেছেন। অসুস্থ ও বার্ধক্যজনিত কারণে তাদের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত মোট ৫ মুসল্লির মৃত্যু হয়েছে। 

মারা যাওয়া মুসল্লিরা হলেন–সিলেট সদর উপজেলার ভার্থখোলা এলাকার বাসিন্দা আব্দুল জহিরের ছেলে আবুল আসাদ বাদল (৬২) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কোট্টাপাড়া এলাকার নাজির উদ্দিনের ছেলে মইনইউদ্দিন (১০০)।

বিষয়টি নিশ্চিত করেছেন তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

তিনি জানান, ইজতেমা আগত মুসল্লি মইন উদ্দিনের ভোর ৪টা ৪৩ মিনিটে টঙ্গী ইজতেমা মাঠেই স্বাভাবিক মৃত্যু হয়। এছাড়া গতকাল রাত সাড়ে ১০টায় শ্বাসকষ্ট জনিত সমস্যা হলে মুসল্লি আবুল আসাদ বাদলকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ নিয়ে টঙ্গীতে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমায় আগত মুসল্লিদের পাঁচজনের মৃত্যু হলো। 

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আমিনুল ইসলাম বলেন, গতকাল রাতে হাসপাতালের ১১ তলায় শ্বাসকষ্টসহ নানা জটিলতা নিয়ে আবুল আসাদ বাদল নামে তাবলীগ জামাতের এক মুসল্লি ভর্তি হন। পরে রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। 

তাবলীগ জামাতের ৫ দিনের এ জোড় ইজতেমা ২ ডিসেম্বর আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হওয়ার কথা রয়েছে।