নরসিংদীর শিবপুরে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে সিএনজি চালকসহ দুজন।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে শিবপুর-মনোহরদী আঞ্চলিক সড়কের পচারবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা হয়।
নিহতরা হলো– শিবপুরের বাঘাব ইউনিয়নের উত্তর জয়মঙ্গল গ্রামের মোক্তার হোসেনের ছেলে মাহমুদুল হাসান রাজ (২২) এবং গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে শফিক (২১)।
পুলিশ ও নিহতদের স্বজনরা জানায়, মাহমুদুল হাসান রাজ ও শফিক ব্যবসায়ীক কাজ শেষে মনোহরদী থেকে মোটরসাইকেলে করে শিবপুরের দিকে রওয়ানা হয়। পচারবাড়ি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মাহমুদুল হাসান রাজ নিহত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় অপর আরোহী শফিকের। এ ঘটনায় আহত দুজনকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ধারণা করা হচ্ছে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণেই এ দুর্ঘটনা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’