পরকীয়া সন্দেহে স্ত্রী-শাশুড়িকে এলোপাথাড়ি ছুরিকাঘাত যুবকের

রাজধানীর ডেমরার বামইল এলাকায় পরকীয়া সন্দেহকে কেন্দ্র করে স্ত্রী ও শাশুড়িকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করেছে এক যুবক। আজ বুধবার দুপুরে মাতাব্বর গলি এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন—মোরশেদা আক্তার (২৩) ও তার মা সাহিদা বেগম (৪০)। ঘটনার পরপরই স্থানীয়রা হামলাকারী সোহাগ মিয়াকে (২৮) আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

আহত মোরশেদার মামা মফিজুল ইসলাম আকাশ জানান, মোরশেদা ও তার স্বামী সোহাগ দুজনেই পোশাক কারখানায় কাজ করেন। পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া লেগে থাকত। স্ত্রীকে পরকীয়ার সন্দেহ করতেন সোহাগ। বুধবার দুপুরে বিষয়টি নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তিনি মোরশেদার ওপর এলোপাথাড়ি ছুরি চালান। মোরশেদাকে বাঁচাতে এগিয়ে গেলে তার মা সাহিদা বেগমও ছুরিকাঘাতে আহত হন।

চিৎকার শুনে প্রতিবেশীরা দ্রুত দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এবং সোহাগকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

এ বিষয়ে জানতে চাইলে ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহিন পারভেজ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে সোহাগকে আটক করা হয়েছে। আহত দুজনকে চিকিৎসার জন্য ঢামেকে পাঠানো হয়েছে। স্ত্রী পরকীয়া করেন—এমন সন্দেহ থেকেই ঝগড়ার একপর্যায়ে সোহাগ ছুরিকাঘাত করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।