বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের দাবিতে ৭ কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সাত কলেজের শিক্ষার্থীরা। রোববার দুপুরে রাজধানীর শিক্ষা ভবনের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা।

এ সময় অধ্যাদেশ জারির দাবিতে নানা স্লোগান দেয় শিক্ষার্থীরা। তাদের এক দফা দাবি, দ্রুত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি করতে হবে।

শিক্ষার্থীরা জানান, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়া আইন শিক্ষা মন্ত্রণালয় প্রকাশ করলেও এখনো চূড়ান্ত অধ্যাদেশের কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। এতে পরিচয় সংকট, একাডেমিক অনিশ্চয়তা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে বিপাকে পড়েছেন প্রায় দেড় লাখের বেশি শিক্ষার্থী।

দ্রুত অধ্যাদেশ জারি করা না হলে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

এদিকে এ কর্মসূচির কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সচিবালয় অভিমুখে ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।