গোপালগঞ্জে দুই ব্যাংকের এজেন্ট শাখাসহ ৪ প্রতিষ্ঠানে চুরি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক রাতে তালা ভেঙে দুটি ব্যাংকের এজেন্ট শাখাসহ ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি হয়েছে। সোমবার দিনগত রাতে কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের ওয়াবদারহাট বাজারে সিটি ব্যাংক এজেন্ট, ডাচ বাংলা ব্যাংক এজেন্ট, নাদিরা ইলেকট্রনিক্স ও মেসার্স ফারিয়া এন্টারপ্রাইজে এসব চুরি হয়।

সিটি ব্যাংকের এজেন্ট সঞ্জিত হালদার বলেন, ‘আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে পাঁচ লক্ষাধিক টাকার মোবাইল কার্ড এবং ব্যাংকের গুরুত্বপূর্ণ কাগজ চুরি হয়ে গেছে।’

ফারিয়া এন্টারপ্রাইজের মালিক নজরুল ইসলাম বলেন, ‘আমার দোকানে থাকা ১৪ লাখ টাকার স্বাক্ষরিত ব্যাংকের চেকসহ নগদ টাকা নিয়ে গেছে।’

ওয়াবদারহাট বাজারে দায়িত্বে থাকা নৈশ প্রহরী সমর আলী বলেন, ‘গভীর রাতে এই বাজারে একটি পিকআপ এসেছিল। পিকআপ আসার পর পিকআপের চাকা মেরামত করছিল। আমি ভাবছিলাম পিকআপটি নষ্ট হয়েছে। কিছুক্ষণ পরে হঠাৎ আমি ঘুমিয়ে পড়লাম। এরপর কী হয়েছে আমি বলতে পারব না।’

ওয়াবদারহাট বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম মহিন বলেন, ‘আমাদের বাজারে নৈশপ্রহরী থাকা সত্ত্বেও চুরির ঘটনাটি আমাদের ভাবিয়ে তুলেছে। আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। আশা করি প্রশাসন তদন্ত করে অতি দ্রুত প্রকৃত চোরদের আইনের আওতায় আনবে।’

কোটালীপাড়া থানার উপ–পরিদর্শক (এসআই) মো. মামুন বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। ঘটনাটি শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’