কিছু সিন্ডকেটবাজ শিক্ষার্থীদের হাতে মানহীন বই দেওয়ার পাঁয়তারা করছে বলে আশঙ্কা প্রকাশক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন।
ঢাকা- ৬ আসনে মনোনয়নপ্রত্যাশীর এই নেতা পুরোনো ঢাকার বাংলাবাজারে পুস্তক প্রকাশকদের সাথে মতবিনিময়কালে এ আশঙ্কা প্রকাশ করেন।
তিনি বলেন, বছরের প্রথম দিনে নতুন বই হাতে পাওয়া দেশের কোটি কোটি শিক্ষার্থীর মনে উৎসব বয়ে আনে। আমরা অত্যন্ত দুঃখের সাথে দেখছি হাতে গোনা কিছু অসাধু ব্যবসায়ী কাগজের মান খারাপ দিচ্ছে, বাজে মানের বাইন্ডিং করছে। ফলে নিম্ন মানের বই যাচ্ছে শিক্ষার্থীদের হাতে।
এনসিপির এই নেতা বলেন, মানসম্মত বই আমাদের সন্তানদের শিক্ষার মতই মৌলিক অধিকার। ফলে এই অধিকারহরণকারীদের বিরুদ্ধে সম্মিলিত ভাবে রুখে দাঁড়াতে হবে।
সৃজনশীল প্রকাশনার দুরবস্থা তুলে ধরে মুরসালীন বলেন, আমাদেরকে বইমেলা নির্ভর ব্যবসা থেকে বের হয়ে আসতে হবে। সারা দেশের লাইব্রেরিগুলের উন্নয়ন প্রয়োজন। পাঠকদেরকে বিভিন্ন গবেষণা বা জ্ঞান আহরণের উপযুক্ত পরিবেশ তৈরি করে দিতে হবে। সরকারি ক্রয়ে স্বচ্ছতা আনতে হবে।
এসময় প্রকাশক নেতৃবৃন্দ এই খাতের সংকট, সীমাবদ্ধতা ও সম্ভাবনাগুলো তুলে ধরেন। ভবিষ্যতে এ সকল বিষয়ে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে প্রতিশ্রুতি দেন এনসিপির এই নেতা।