ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী তিনটি বাস ও একটি কাভার্ডভ্যানের মধ্যে একের পর এক সংঘর্ষ হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা হয়।
দুর্ঘটনায় কয়েকজন যাত্রী আহত হলেও তাদের কারও অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, তীব্র কুয়াশার মধ্যে যানবাহনগুলো নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিক থেকে একটি আরকেটিকে ধাক্কা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে হাঁসাড়া হাইওয়ে পুলিশের সদস্যরা। দুর্ঘটনার পর প্রায় আধঘণ্টা এক্সপ্রেসওয়েতে যান চলাচল ব্যাহত হয়।
বিষয়টি নিশ্চিত করে হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, ‘দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক নয়।’
ওসি এটিএম মাহমুদুল হক বলেন, ‘ঘন কুয়াশার মধ্যে চালকদের সতর্কতার অভাব ও বেপরোয়া গতিই দুর্ঘটনার প্রধান কারণ। এ ধরনের দুর্ঘটনা এড়াতে কুয়াশাচ্ছন্ন অবস্থায় যানবাহন চালানোর সময় অধিক সতর্কতা অবলম্বনের জন্য চালকদের প্রতি আহ্বান জানিয়েছে হাইওয়ে পুলিশ।’