ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ট্রাকের ধাক্কায় দাঁড়িয়ে থাকা প্রাইভেট কারের যাত্রী মা ও মেয়ে নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মির্জাপুরের গোড়াই এলাকায় এ দুর্ঘটনা হয়।
নিহতরা হলো– প্রাইভেট কারের যাত্রী ফেনীর সোনাগাজী উপজেলার জিসান কবীর পিপুর স্ত্রী সাদিয়া কবীর (৩২) ও তার ৮ মাসের শিশুকন্যা তাজরি কবীর প্রিয়ম। নিহতের পরিবার মিরপুর শাহআলী থানার ১৪৬/১ (৩) এলাকায় থাকত।
ঘটনার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণসহ যানবাহন চলাচল স্বাভাবিক করে।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম বলেন, ‘আজ সন্ধ্যার দিকে উত্তরবঙ্গ থেকে প্রাইভেট কারটি যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। গোড়াই এলাকায় প্রাইভেট কারটি রাস্তার পাশে থামালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে–মুচড়ে গিয়ে মা ও শিশু কন্যা নিহত হয়।’
ওসি আরও বলেন, ‘দুর্ঘটনায় আহত হন প্রাইভেট কারের চালক। তাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর পরিচয় পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।’