টাঙ্গাইলে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, তিনজনকে জরিমানা ২ লাখ

টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে তিন গ্যাস ব্যবসায়ীকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার। রোববার পরিচালিত এক অভিযানে এ জরিমানা করা হয়।

টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের বিভিন্ন গ্যাসের দোকান ও ডিপোতে এ অভিযান পরিচালিত হয়। এ সময় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি ও সংরক্ষণে অনিয়মের প্রমাণ পাওয়ায় জরিমানা করে ভোক্তা অধিকার।

জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন, ‘ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে একই ধরনের অনিয়ম করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ 

অভিযানে উপজেলা সেনেটারি ইনস্পেক্টরসহ সেনাবাহিনী, পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।