রাজধানীর নিকুঞ্জ এলাকায় গোপন ল্যাব খুলে আইফোন সংযোজনের অবৈধ কারখানা গড়ে তুলেছে তিন চীনা নাগরিক। তাঁরা অবৈধ ফোন বিক্রি করতো মোতালেব প্লাজা, বসুন্ধরা সিটির মতো মার্কেটে। এ ঘটনায় প্রায় দুই কোটি টাকার আইফোন ও বিদেশি মদসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশের একটি বিশেষায়িত ইউনিট (ডিবি)।
বৃহস্পতিবার সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল।
উপপুলিশ কমিশনার বলেন, গ্রেপ্তার হওয়া চক্রটি দেড় বছর ধরে বিভিন্ন সময় অবৈধভাবে মোবাইলের খুচরা যন্ত্রাংশ আমদানি করে দেশে সংযোজন করে বিক্রি করছিল। তাঁরা বৈধ উপায়েই চীন থেকে বাংলাদেশে এসেছেন। তার পর জড়িয়েছেন এসব অবৈধ কার্যক্রমে।
মহিউদ্দিন মাহমুদ সোহেল আরও জানান, সারা দেশের মোবাইল বিক্রেতারা ওই চীনা নাগরিকদের কাছ থেকে গত দেড় বছর ধরেই মোবাইল ফোন সংগ্রহ করত। বিশেষ করে বিভিন্ন মডেলের আইফোন কিনতো তারা। রাজধানীর বিভিন্ন মোবাইল মার্কেটে এখনও বিক্রি হচ্ছে এসব অবৈধ আইফোন।