গোপালগঞ্জে খালেদা জিয়া স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গোপালগঞ্জের কোটালীপাড়ায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বাদ যোহর কোটালীপাড়া উপজেলার কাজী মন্টু ফিলিং স্টেশনের পেছনের মাঠে  উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের আয়োজনে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এম জিলানী। 

কোটালীপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি এস এম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপি’র সভাপতি ইউছুপ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদারসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ। 

এসময়  এস এম জিলানী বলেন, সদ্যপ্রয়াত আমাদের মাতৃতুল্য নেত্রী তাঁর রাজনৈতিক আপসহীন নেতৃত্বের মাধ্যমে আমাদের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। তিনি তাঁর কর্মের মাধ্যমে আমাদের মাঝে বেঁচে থাকবেন।