সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত হলেও পাওয়া যায় না কোনো নাগরিক সুবিধা। এমন ভোগান্তিতে খিলক্ষেত, উত্তরা, দক্ষিণখান, উত্তরখান নিয়ে গঠিত ঢাকা-১৮ আসনের বাসিন্দারা। প্রার্থীরা বলছেন, নির্বাচিত হলে সেবাদানকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে নাগরিক সুবিধা নিশ্চিত করবেন। সেখানে বিএনপির বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ জামায়াতের। তবে নাকচ করেছে বিএনপি।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৪টি ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-১৮ আসন। এক নম্বর ওয়ার্ড বাদে বাকি ওয়ার্ডগুলো সিটি করপোরেশনে যুক্ত হয় ২০১৮ সালে। তবে এত বছরেও নিশ্চিত হয়নি নাগরিক সুবিধা। বেশিরভাগ রাস্তা খানাখন্দ ভরা। রয়েছে গ্যাস ও পানির সংকট।
ঢাকা-১৮ আসনে নির্বাচন করবেন বিএনপির এস এম জাহাঙ্গীর। জামায়াতের প্রার্থী আশরাফুল হক আর এনসিপির আরিফুল ইসলাম আদীব। তবে জামায়াত-এনসিপি জোট করায় আশরাফুল নাকি আদীব, কে ভোটে লড়বেন তা এখনও অনিশ্চিত। জয় পেলে নাগরিক সুবিধা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন তাঁরা।
ঢাকা-১৮ আসনে বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, ‘এ সিটি করপোরেশনের বাসিন্দারা কর দিচ্ছেন ঠিকই তবে নাগরিক সুযোগ-সুবিধা পাচ্ছেন না। নির্বাচিত হলে আমার ইচ্ছা থাকবে এই সিটি করপোরেশনের সকল ওয়ার্ডের বাসিন্দাদের নাগরিক সুযোগ-সুবিধাগুলো নিশ্চিত করা।’
ঢাকা-১৮ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আশরাফুল হক জানান, এই এলাকার মানুষের জীবন মানোন্নয়ন নিয়ে কাজ করার ইচ্ছা আছে তাঁর।
২২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে নির্বাচনী প্রচার। তার আগেই বিএনপির বিরুদ্ধে এলাকায় প্রভাব বিস্তারের অভিযোগ জামায়াতের। তবে অভিযোগ ভিত্তিহীন, বলছেন বিএনপি প্রার্থী।