ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসককে মারধরের ঘটনায় হামলাকারীদের বিচারের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেছেন চিকিৎসকেরা।
বুধবার রাত দেড়টার দিকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের মারধর করেন রোগীর স্বজনরা। এই কারণে প্রায় ২ ঘণ্টা বন্ধ থাকে হাসপাতালের জরুরি বিভাগসহ বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা সেবা। ইন্টার্ন চিকিৎসক ডা. সাকিব আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
চিকিৎসকরা জানান, রাত সাড়ে আটটার দিকে মুমূর্ষু অবস্থায় নাজমা নামে এক রোগী জরুরী বিভাগে ভর্তি হন। রাত ১১টার দিকে মারা যান ওই রোগী। এরপরই রোগীর স্বজনরা দায়িত্বের অবহেলার অভিযোগ তুলে হামলা চালায় চিকিৎসকদের ওপর।
পরিস্থিতি সামাল দিতে আসে আইনশৃঙ্খলা বাহিনী। দুজনকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যায় পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে দোষীদের মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেয়ার কথা জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ঢাকা মেডিকেলে রোগী মৃত্যুর পর ইন্টার্ন চিকিৎসককে হেনেস্তার ঘটনায় চিকিৎসা বন্ধ ছিল। ঘটনায় জড়িতদের বিচারের আশ্বাসে চিকিৎসা সেবা ফের চালু হয়েছে।