নারায়ণগঞ্জে অস্ত্র ও গুলিসহ বিএনপি নেতা ‘ডন বজলু’ আটক 

নারায়ণগঞ্জে অস্ত্র কেনা-বেচা নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরে বিএনপি নেতা বজলুর রহমান ওরফে ডন বজলুকে (৬০) অস্ত্র ও গুলিসহ আটক করেছে র‍্যাব। এ সময় বজলুর তিন সহযোগীকেও আটক করা হয়।

শনিবার বিকেলে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকা থেকে তাদের আটক করে র‍্যাব-১১ এর একটি দল।

আটক তিন সহযোগী হলেন- সোনারগাঁয়ের কাঁচপুরের মৃত সাদেক আলীর ছেলে সাইদুল (৩৪), একই এলাকার মৃত নূর উদ্দিনের ছেলে আব্দুল জব্বার (৪৩) ও নাজমুল হকের ছেলে ইউনুস বাঁধন (২০)।

জানা গেছে, বজলুর রহমান ওরফে ডন বজলু সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি। নানা সমালোচনার কারণে বজলুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়। পরে আবার সেই সিদ্ধান্ত স্থগিত করে দল।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন গণমাধ্যমকে জানান, বজলুরকে আটকের বিষয়টি তারা শুনেছেন। এ বিষয়ে তাঁর বিরুদ্ধে দল সাংগঠনিকভাবে ব্যবস্থা নেবে।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১১ কমান্ডিং অফিসার লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, চারজনকে আটক করা হয়েছে। এ সময় একটি বিদেশি পিস্তল দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।