মহাসড়কে অটোরিকশা চালানোর দাবিতে গাজীপুরে সড়ক অবরোধ

গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া পুরাতন বাজার এলাকায় পুলিশের হাতে অটোরিকশা চালককে মারধরের অভিযোগ ও  ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অটোরিকশা চালানোর দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চালকরা। এতে দুই ঘণ্টা মহাসড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ থাকে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষসহ হাজারো যাত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে ৮টার দিকে শ্রীপুর উপজেলার গড়গড়িয়া পুরাতন বাজার এলাকায় পুলিশের হাতে এক অটোরিকশা চালককে মারধরের অভিযোগ এনে সড়কে অবস্থান নেয় অটোরিকশা চালকেরা। একপর্যায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অটোরিকশা চালানোর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে চালকেরা। এ সময় তুলা গবেষণা কেন্দ্রের সামনে দুই শতাধিক অটোরিকশা চালক মহাসড়কে অবস্থান নেন।

চালকদের দাবি, মহাসড়কে অটোরিকশা চলাচলের অনুমতি দিতে হবে এবং পুলিশি হয়রানি বন্ধ করতে হবে।

তাদের অভিযোগ, সকালে তাদের এক সহকর্মী মহাসড়ক পার হওয়ার সময় হাইওয়ে পুলিশের একটি দল তাকে আটক করে। তিনি যেতে না চাইলে তাকে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। এ ঘটনার প্রতিবাদে চালকেরা একত্রিত হয়ে সড়ক অবরোধ করেন।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, অবৈধভাবে মহাসড়কে অটোরিকশা চলাচলের দাবিতে চালকেরা সড়ক অবরোধ করেছিলেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে সরিয়ে দিলে সাড়ে ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।