গজারিয়ায় যৌথ বাহিনীর অভিযানে শুটার গান উদ্ধার 

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের চরচাষি (পুরাতন চরচাষি) এলাকায় যৌথ বাহিনীর অভিযানে একটি শুটার গান উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে এ অভিযান চালানো হয়।

মুন্সিগঞ্জ আর্মি ক্যাম্পের অপস অফিসারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীন ক্যাম্পের সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১১টা ৪০ মিনিট পর্যন্ত অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় সন্দেহভাজন সন্ত্রাসী মোবারক সরকারের বাড়ি থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানের সময় মোবারক সরকারকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। উদ্ধারকৃত শুটার গান আইনি প্রক্রিয়ার জন্য গজারিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।