গাজীপুরে এনসিপি প্রার্থীকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

গাজীপুরে ১১-দলীয় জোট সমর্থিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আলী নাসের খানকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। আলী নাসের গাজীপুর-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রোববার দুপুরে গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে এ সংক্রান্ত লিখিত অভিযোগ দিয়েছেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. তরিকুল ইসলাম।

অভিযোগে বলা হয়, গত শনিবার সন্ধ্যায় গাজীপুর-২ আসনে ‘শাপলা কলি’ মার্কার সমর্থনে নির্বাচনী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের পোড়াবাড়ী এলাকায় মূল সড়কে পৌঁছালে ধানের শীষের প্রার্থী এম মঞ্জুরুল করিমের প্রচারণার মাইক বহনকারী একটি অটোরিকশা শোভাযাত্রার গতিরোধ করে এবং উচ্চ স্বরে মাইক বাজাতে থাকে। এ সময় তাদের চলে যাওয়ার অনুরোধ করার পরও তারা উসকানিমূলক আচরণ করতে থাকে।

লিখিত অভিযোগে আরও বলা হয়, পরে এনসিপির কর্মীরা রাস্তা পার হয়ে পূর্ব পাশে পোড়াবাড়ী বাজারের দিকে যাত্রা করেন। এমন সময় ২১ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী সুমন সরকারসহ আরেকজন ধানের শীষের স্টিকারযুক্ত ব্যক্তিগত গাড়ি (প্রাইভেট কার) ব্যবহার করে গাড়িচাপা দিয়ে এনসিপি প্রার্থীকে হত্যার চেষ্টা করেন। শোভাযাত্রাটি পশ্চিম পাশে পোড়াবাড়ী বাজারে পৌঁছালে বিএনপির প্রার্থীর স্টিকারসংবলিত নির্বাচনী গাড়ি ব্যবহার করে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোফাজ্জল হোসেন উদ্দেশ্যমূলকভাবে শাপলা কলির পদযাত্রার গতি রোধ করে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করেন।

এনসিপির দাবি, এ ঘটনায় দলটির জেলা সদস্যসচিব খন্দকার আল আমিন মারাত্মক আহত হয়েছেন।

প্রার্থী নিরাপত্তাহীনতায় ভুগছেন দাবি করে অভিযোগে আরও বলা হয়, গত ৩০ জানুয়ারি এরশাদনগর ৫ নম্বর ব্লক ছোট বাজারে যুবদলের আনোয়ার ও ‘সন্ত্রাসী’ কামুর লোকজন শাপলা কলির প্রচারণায় বাধা দেন। তাঁরা পোড়াবাড়ী বাজারে স্থাপিত আলী নাসের খানের নির্বাচনী বিলবোর্ড ছিঁড়ে ফেলেন। এ ধরনের ঘটনা সুষ্ঠু নির্বাচনী পরিবেশের অন্তরায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।