ফরিদপুর-৪: দাঁড়িপাল্লাকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী

ফরিদপুর-৪ (ভাঙ্গা–সদরপুর–চরভদ্রাসন) আসনে নির্বাচনী প্রচারণার মাঝপথে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী ১১ দলীয় জোটের সমন্বয়ের অংশ হিসেবে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মিজানুর রহমান মোল্লা।

মিজানুর রহমান মোল্লা জানান, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী তিনি জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কাজ করবেন। তবে তিনি ভিন্ন কোনো রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন—এমন প্রচারকে অপপ্রচার বলে দাবি করেন।

অন্যদিকে, ফরিদপুর-৪ আসনে জামায়াতে ইসলামী বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা সরোয়ার হোসেন বলেন, ‘রিকশা প্রতীকের প্রার্থী মিজানুর রহমান মোল্লা একজন উদার মানসিকতার মানুষ এবং তার অত্যন্ত স্নেহভাজন ছোট ভাই। ১১ দলীয় জোটকে আরও শক্তিশালী করতে তিনি স্বেচ্ছায় নিজের নির্বাচনী কার্যক্রম থেকে সরে এসে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। এতে ইসলামী দলগুলোর ঐক্য আরও সুদৃঢ় হবে এবং বিপুল ভোটের ব্যবধানে ফরিদপুর-৪ আসনে দাঁড়িপাল্লার জয় নিশ্চিত হবে।’

বাংলাদেশ খেলাফত মজলিসের ভাঙ্গা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান জানান, দেশে ইনসাফভিত্তিক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে মিজানুর রহমান মোল্লা জামায়াতে ইসলামী প্রার্থী সরোয়ার হোসেনের পক্ষে সমর্থন দিয়েছেন। তার এ উদার সিদ্ধান্ত ফরিদপুর-৪ আসনের মানুষ চিরদিন স্মরণে রাখবে বলেও মন্তব্য করেন তিনি।