নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া নিয়ে শঙ্কিত খোদ নির্বাচন সংস্কার কমিশনের প্রধান। কমিশনের সুপারিশগুলো না বাস্তবায়ন করায়, এমন মন্তব্য করেন বদিউল আলম মজুমদার। সকালে রাজধানীতে এক অনুষ্ঠান তিনি নির্বাচন নিয়ে শঙ্কার কথা জানান।
নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, ‘আমি জানি না নির্বাচন কেমন হবে। নির্বাচনটা ভালো হওয়ার জন্য আমরা অনেকগুলো সংস্কার প্রস্তাব করেছি। এগুলো যদি বাস্তবায়িত হতো তাহলে হয়তো আমরা একটি ভালো নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পেতাম।’
এ সময় অর্থনৈতিক শ্বেতপত্র কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘পিছিয়ে পড়া মানুষগুলোকে ভোটকেন্দ্রে যেয়ে ভোট দিতে হবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’
দেবপ্রিয় ভট্টাচার্য অভিযোগ করে বলেন, ‘যেটুকু সংস্কার করার যায়গা ছিল, যেটুকু বিচার করার সম্ভাবনা ছিল উনাদের দম ফুরিয়ে গেছে। আর উনাদের যেটুকু সক্ষমতা ও সম্ভাবনা ছিল তার শেষ সীমায় চলে আসছে।’
নির্বাচন সংস্কার কমিশন ও জাতীয় শ্বেতপত্র কমিটিতে ছিলেন এই দুই বিশিষ্ট ব্যক্তি। তবে নিজেদের সরকারের অংশ বলতে রাজি নন তারা। উল্টো অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন।
বদিউল আলম মজুমদার বলেন, ‘কোনো কোনো সময় এমন একটা ধারণা সৃষ্টি করা হয় যেন আমি সরকারের অংশ ছিলাম। আমার মনে হয় এই ভুল বোঝাবুঝির অবসান হওয়া দরকার।’