শরীয়তপুর-৩ আসনে জয়ী বিএনপির নুরুদ্দিন আহাম্মেদ অপু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মুহাম্মদ আজহারুল ইসলাম। 

রিটার্নিং কর্মকর্তার দেওয়া বেসরকারি ফলে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৩৭৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাম্মদ আজহারুল ইসলাম পেয়েছেন ৬৭ হাজার ৭৮৫ ভোট। ধানের শীষ প্রার্থী ৩৮ হাজার ৫৯৩ ভোট বেশী পেয়ে জয়ী হয়েছেন। 

ইতোপূর্বে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবেও কাজ করেছেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। 

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর ভোটের অধিকার ফিরে পেয়ে বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে কেন্দ্রগুলোতে ভোট দিয়েছেন ভোটাররা। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় গণভোট ও সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়। এর আগে সকাল সাড়ে ৭টায় ভোট গ্রহণ শুরু হয়। 

এবারের নির্বাচনে শরীয়তপুর-৩ আসনে মোট ভোটার ৩ লাখ ৪০ হাজার ১৩৮ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৬৯ হাজার ৯৩২ জন এবং নারী ভোটার ১ লাখ ৬৫ হাজার ১৯২জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন।