গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। এ ঘটনায় প্রায় ২ ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ থাকে। সড়‌কের উভয় পা‌শে আটকা পড়ে অন্তত ৩ শতাধিক যানবাহন।

সোমবার রাত সা‌ড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ঢাকামুখী এক‌টি ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থ‌লে উ‌ল্টো পাশ (রং সাইড) দিয়ে যেতে গেলে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক ও বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় বাস ও ট্রাকের ১৫ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এদিকে দুর্ঘটনা কব‌লিত যানবাহন সড়‌কের ওপর থাকায় ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ থা‌কে। এতে দুই পাশে প্রায় ৩ শতাধিক যানবাহন আটকা প‌ড়ে। উদ্ধার কাজ চ‌লার সময় প্রায় ২ ঘণ্টা পর দুর্ঘটনাকবলিত যান সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।